Site icon দৈনিক নবদিগন্ত

বগুড়ায় আজিজুল হক কলেজ গেট সংলগ্ন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বগুড়ায় আজিজুল হক কলেজ গেট সংলগ্ন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মোঃ আল মুনতাকিম:

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেট সংলগ্ন ‘জান-ই-সাবা’ নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ ঢেকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। তবে এলাকা জনাকীর্ণ হওয়ায় শুরুতে তাদের কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কারখানার ভেতরে থাকা যন্ত্রপাতি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিস ডাম্পিং কার্যক্রম চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version