রহমত আরিফ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ভোগান্তির মধ্যে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন রাণীশংকৈল উপজেলার তরুণ উদ্ভাবক রতন মহন্ত। স্বল্প খরচে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে তিনি তৈরি করেছেন ব্যাটারিচালিত মোটরসাইকেল, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
রতন জানান, শুরুতে অনেকেই তার উদ্ভাবন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তিনি চেষ্টা চালিয়ে যান। এখন জ্বালানি সংকটের সময়ে তার এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।
তার উদ্ভাবন দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। অনেক মোটরসাইকেল ব্যবহারকারী নিজেদের বাইক ব্যাটারিচালিত ব্যবস্থায় রূপান্তরের আগ্রহ দেখাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে এটিকে সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখছেন অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, তেল সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু রতনের বাইক সহজেই চলাচল করছে এবং খরচও অনেক কম। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমতে পারে বলে তারা মনে করছেন।
তারা আরও বলেন, কম খরচে ১০০-১২০ কিলোমিটার চলার সক্ষমতা সত্যিই বড় সুবিধা। ভবিষ্যতে প্রযুক্তিটি আরও উন্নত হলে এটি সবার জন্য কার্যকর সমাধান হতে পারে। এ ধরনের উদ্ভাবনে প্রশাসনের সহায়তা প্রয়োজন বলেও মত দেন তারা।
রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মিঠুন বলেন, এত কম খরচে চলাচল সম্ভব হলে তা সাধারণ মানুষের জন্য বড় উপকার বয়ে আনবে এবং জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, রতনের এই উদ্যোগ প্রশংসনীয়। তার সৃজনশীলতা অন্যদের অনুপ্রাণিত করবে এবং এ ধরনের উদ্ভাবনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

