মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, জালিয়াতি রশিদ এবং খাজনা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে উপজেলার বালিয়াকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চৌমহনী বাজার সড়কের একটি ফার্মেসির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু ছাড়াও তিনটি জালিয়াতি রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের দুটি রশিদ বই উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোশারফ হোসেন মহসিন (৪৮), মাকসুদ (৩৫), রেজাউল (৪৫), বাচ্চু (৩২) ও সালাউদ্দিন (৪৮)। তাদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা নং-১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গরু চুরি ও চোরাই পশু বেচাকেনার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

