মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধিঃ
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা মে দিবসের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, ভোলা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, বরিশাল।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার, সংহতি ও নিরাপদ কর্মপরিবেশের বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

