মিরাজ হোসেন, ভোলা প্রতিনিধি:
ভোলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোলা সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প”-এর আওতায় এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক ড. শামীম আহমেদ।
আলোচনা সভায় বক্তারা টেকসই কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ভাবনী কৃষি প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।
মেলায় স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের ফসল এবং পুষ্টিসমৃদ্ধ কৃষিপণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ তৈরি করে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

