দৈনিক নবদিগন্ত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ভয়াবহ হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি কমপ্লেক্সে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত’ বলে উল্লেখ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ জাজিরা ও বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জানায়, যুদ্ধবিমান থেকে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানো হয়েছে তেহরানে অবস্থিত আইআরআইবি কমপ্লেক্সে।

আইডিএফের দাবি, এই সম্প্রচার কেন্দ্রটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’ হিসেবে কাজ করছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।

অন্যদিকে, আইআরআইবি প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দপ্তরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বিভিন্ন অংশে সরাসরি আঘাত হানা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ শুরু করেছে। সামরিক সূত্রের দাবি, যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত বোমায় ইরান সরকারের গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে তেহরানের আরও কয়েকটি সরকারি ভবনেও হামলার খবর পাওয়া যায়। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Exit mobile version