বিল পাসের প্রতিবাদে সংসদে বিরোধীদের ওয়াকআউট

বিল পাসের প্রতিবাদে সংসদে বিরোধীদের ওয়াকআউট

জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী জোটের সদস্যরা, নেতৃত্বে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিরোধী দলীয় সদস্যরা।

এদিন বিকেলে সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উপস্থাপন করা হয় এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়। এর প্রতিবাদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিরোধীদের আপত্তি উপেক্ষা করে যেসব গণবিরোধী বিল পাস হয়েছে, তার দায় তারা নিতে চান না। তাই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়াকআউটের ঘোষণা দিয়ে তিনি জোটের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপ—প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠে—বিরোধী সদস্যরা অংশ নিয়েছেন এবং অনেক ক্ষেত্রে সমর্থনও জানিয়েছেন। পুরো প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, বিরতির পর তারা আবার অধিবেশনে ফিরবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন থেকে আরও দুইবার ওয়াকআউট করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট। ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথমবার এবং ১ এপ্রিল একটি আলোচনার নোটিশের সাড়া না পাওয়ায় দ্বিতীয়বার তারা ওয়াকআউট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *