চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে ডুবিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

চুরির অভিযোগে দুই শিশুকে পানিতে ডুবিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং পরে পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায়।

নির্যাতনের শিকার দুই শিশু আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে তাদের বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে মারধরের পাশাপাশি পানিতে ডুবিয়ে রাখা হয় এবং ময়লাযুক্ত পানি পান করানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে অভিযানে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা বাদী হয়ে মাসুমসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *