আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে সে বিষয়ে তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে দেশি–বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ভোটগ্রহণের পরদিন অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ দেশের অধিকাংশ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। বিশেষ করে গণমাধ্যমকর্মী এবং দেশি–বিদেশি পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্রে প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়েছে, যাতে তারা সরাসরি ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন।
ইসি সানাউল্লাহ আরও জানান, এবারের ভোটার তালিকায় ৪ কোটির বেশি তরুণ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। বিপুলসংখ্যক নতুন ভোটারের অংশগ্রহণ নির্বাচনকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ করে দেওয়া কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও নতুন উদ্যোগ। প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে বিদেশে অবস্থান করেও প্রবাসীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন, যা গণতন্ত্রকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।
একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন পুনর্ব্যক্ত করেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত তথ্য আদান–প্রদানের ব্যবস্থার কারণে ভোটের পরদিন সকালেই দেশবাসী ফলাফল জানতে পারবেন বলে কমিশন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

