পরীক্ষার সময় জানালা দিয়ে অভিভাবকদের নকল সরবরাহ

পরীক্ষার সময় জানালা দিয়ে অভিভাবকদের নকল সরবরাহ

ড্রোনে ধরা পড়ল অভিভাবকদের ভূমিকা

পরীক্ষার হলে নকলের অভিযোগ নতুন কিছু নয়। তবে এবার সরাসরি অভিভাবকদের নকল সরবরাহের ঘটনা সামনে এসেছে ভারতে। মহারাষ্ট্রের একটি কলেজে দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময় জানালা দিয়ে শিক্ষার্থীদের হাতে নকল পৌঁছে দেওয়ার দৃশ্য শিক্ষা দপ্তরের ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি দেশজুড়ে পরীক্ষার স্বচ্ছতা ও নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মহারাষ্ট্রের বীড় জেলার চৌসালা এলাকার একটি জুনিয়র কলেজে মঙ্গলবার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরীক্ষার সময় কলেজ ভবনের জানালার বাইরে অভিভাবক ও স্বজনদের ভিড় লক্ষ্য করা যায়। অভিযোগ রয়েছে, তারা জানালা দিয়ে পরীক্ষার্থীদের কাছে চিরকুট পৌঁছে দিচ্ছিলেন।

শিক্ষা দপ্তরের নজরদারির অংশ হিসেবে উড়ানো ড্রোনে পুরো বিষয়টি রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, কলেজটির চারপাশ খোলা এবং সেখানে কোনো সীমানা প্রাচীর নেই। ভবনের এক পাশের শ্রেণিকক্ষের জানালাগুলো বাইরে থেকে সহজেই নাগালে আসে। এই সুযোগ কাজে লাগিয়েই জানালার পাশে দাঁড়িয়ে নকল সরবরাহ করা হচ্ছিল। ড্রোন কাছে চলে এলে অনেককে দ্রুত সরে যেতে দেখা যায়।

বীড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট বিবেক জনসন জানিয়েছেন, প্রায় তিন ঘণ্টার ভিডিও ফুটেজ তাদের হাতে রয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভারতে পরীক্ষায় নকলের ঘটনা আগেও ঘটেছে। ২০১৫ সালে বিহারে বোর্ড পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্বজনরা স্কুল ভবনের দেয়াল বেয়ে উঠে নকল পৌঁছে দেওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবির পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং অন্তত ৫০০ শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে নিষিদ্ধ করা হয়েছিল।

সাম্প্রতিক এ ঘটনা আবারও পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও তদারকি ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *