দৈনিক নবদিগন্ত

ক্ষেতলালে নারী হত্যার পর লাশ পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক

ক্ষেতলালে নারী হত্যার পর লাশ পুঁতে রাখার চেষ্টা, স্বামী পলাতক

মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানখেতে লাশ পুঁতে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলেরঘাট এলাকায় স্থানীয়রা ধানখেতে অর্ধপোতা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত আশুরা বেগম (৪৫) বিলেরঘাট এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সর্বশেষ বাবলু হোসেন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঘটনার দিন দুপুরে আশুরা বেগমকে তার স্বামীর সঙ্গে দেখা গেছে। পরে রাতে বাড়ির পাশের ধানখেতে তার লাশ অর্ধেক মাটিচাপা অবস্থায় পাওয়া যায়।

তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তুষার হোসেন বলেন, এ ধরনের ঘটনা একাধিক ব্যক্তির সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গোপন করতে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Exit mobile version