Site icon দৈনিক নবদিগন্ত

গাছের ডাল ভেঙে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাছের ডাল ভেঙে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি
আফজাল মিয়া:

সিলেটের বিশ্বনাথে সড়কের পাশে থাকা একটি গাছের ডাল ভেঙে মাথায় পড়ে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেবুল মিয়ার মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জনক।

নিহত সেবুল মিয়া উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং গ্রামীণ ব্যাংকের টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে কামাল বাজার–বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, অফিস শেষে মোটরসাইকেলে করে সিলেট শহরের বাসায় ফিরছিলেন তিনি। তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার–বাবনা সড়কে পৌঁছালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পূর্বের কোনো ঝড়ে ডালটি দুর্বল হয়ে গাছে ঝুলে ছিল, যা পরে ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version