পাকিস্তানের অভিনয় ও সঙ্গীত জগতের জনপ্রিয় দুই তারকা হানিয়া আমির ও অসীম আজহারকে ঘিরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি অসীম আজহারের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় হানিয়া আমিরের উপস্থিতি এবং এরপর তার ইনস্টাগ্রামে শেয়ার করা এক রহস্যময় পোস্ট নতুন করে সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছে।
‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া হানিয়া আমির সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবির ক্যারোসেল পোস্ট করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় অসীম আজহারের আয়োজিত একটি কাওয়ালি সন্ধ্যায় অংশ নিতে। মুহূর্তেই সেই পোস্ট ভক্তদের নজর কেড়ে নেয় এবং শুরু হয় নানা জল্পনা।
ওই বিশেষ সন্ধ্যায় ২৮ বছর বয়সী এই অভিনেত্রী পরেছিলেন ভারী নকশায় সজ্জিত একটি হাফ-ব্যাকলেস কালো শাড়ি। বেণি করা চুল, কালো চুড়ি ও ভারী সোনার বালা তার লুককে করে তোলে আরও আকর্ষণীয়। ভক্তদের মতে, তার সাজে ফুটে উঠেছিল ঐতিহ্য ও আধুনিকতার চমৎকার মেলবন্ধন।
হানিয়া আমিরের এই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে আলোচনার অন্যতম কারণ হলো—অতীতে তিনি এবং ‘জো তু না মিলা’ খ্যাত গায়ক অসীম আজহার সম্পর্কে ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সূক্ষ্ম ইঙ্গিত ফের তাদের পুনর্মিলনের সম্ভাবনাকে জোরালো করেছে।
বিশেষ করে অসীম আজহার তার প্রাক্তন বাগদত্তা মীরুব আলীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনার পারদ আরও চড়েছে। তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহার—কেউই প্রকাশ্যে এসব প্রেমের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি।
ক্যারিয়ারের দিক থেকে বর্তমানে হানিয়া আমির ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তিনি নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সমই লো’-তে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে, অসীম আজহার গত বছরের নভেম্বরের শেষ দিকে প্রকাশ করেছেন তার প্রথম স্বাধীন অ্যালবাম ‘অসীম আলী’, যা তার সংগীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
