দৈনিক নবদিগন্ত

‘নকল’ আমিরের চক্রান্তে ‘আসল’ আমিরকে ঘাড় ধাক্কা!

‘নকল’ আমিরের চক্রান্তে ‘আসল’ আমিরকে ঘাড় ধাক্কা!

‘নকল’ আমিরের চক্রান্তে ‘আসল’ আমিরকে ঘাড় ধাক্কা!

বলিউড তারকা আমির খানকে নিয়ে সুনীল গ্রোভারের ‘নকল সাজ’-এর এবার আরও এক ধাপ এগিয়ে! এবার তো নিজের অফিস থেকেই ‘বের করে দেওয়া’ হলো আমির খানকে! সম্প্রতি প্রকাশিত একটি হাস্যরসাত্মক প্রমো ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর একটি পর্বে আমির খানের নিখুঁত নকল করে ভাইরাল হন কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। সেই রেশ কাটতে না কাটতেই আমির খানের আসন্ন প্রযোজনা হ্যাপি প্যাটেল–এর নতুন প্রমোতে আবারও আমির সেজে হাজির হন সুনীল। আর সেখানেই ঘটে মজার কাণ্ড।

প্রমো ক্লিপে দেখা যায়, পরিচালক ও অভিনেতা ভির দাস আমির খানের অফিসে ঢুকছেন। ভেতরে বসে আছেন সুনীল গ্রোভার- আমিরের পোশাক, ভঙ্গি, কথা বলার স্টাইল—সবকিছুতেই অবিকল আমির। প্রথমে কিছুটা সন্দেহ হলেও সুনীলের অভিনয়ে বিশ্বাস করে ফেলেন ভির দাস। তিনি ‘আমির’ সেজে ভিরকে অভিনন্দন জানান এবং বলেন, “তুমি দারুণ একটা ছবি বানিয়েছ।”

এখানেই শেষ নয়। ভুয়া আমির ভির দাসকে একটি বোনাস চেক দেন এবং ‘হ্যাপি প্যাটেল’-এর সিক্যুয়েল বানানোর পরামর্শও দেন। এমনকি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “যদি ছবিটা সুপারহিট না হয়, তাহলে আমার নাম আমির খান না। অস্কার পাবে।”

ঠিক তখনই দৃশ্যে প্রবেশ করেন আসল আমির খান। সুনীলকে নিজের চরিত্রে দেখে ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন করেন, “এই লোকটা কে?” কিন্তু ভির দাস আসল আমিরকেই চিনতে ব্যর্থ হন। উল্টো সুনীল গ্রোভার আমিরের দিকে তাকিয়ে বলেন, “আপ কৌন হ্যায় ভাইসাহেব?”

ভির দাস তখন নিরাপত্তারক্ষীদের ডেকে আসল আমিরকে সুনীল গ্রোভার বলে ভুল পরিচয় দেন। মজার ব্যাপার হলো, নিরাপত্তারক্ষীরাও ভুয়া আমিরের কাছ থেকে মোটা অঙ্কের চেক পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত আসল আমির খানকেই অফিস থেকে টেনে বের করে দেন! পুরো দৃশ্যটি দর্শকদের হাসিতে ভাসিয়েছে।

প্রসঙ্গত, সুনীল গ্রোভারের এই নকল নিয়ে আগেই প্রশংসা করেছিলেন আমির খান। বলিউড হাঙ্গামা–কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি এটাকে নকল বলতেই চাই না। এটা এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল নিজেকেই দেখছি। আমি এত হেসেছি যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

তিনি আরও বলেন, এতে কোনো বিদ্বেষ ছিল না, বরং এটি ছিল নিখাদ বিনোদন।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। সুনীল গ্রোভারের এই কাণ্ডে তারাও হেসে কুটিকুটি হন। বলিউড তারকাদের নিখুঁত নকলের জন্য সুনীল গ্রোভার আগেও বহুবার ভাইরাল হয়েছেন- আমির খান, শাহরুখ খান তার তালিকায় অন্যতম।

সব মিলিয়ে, ‘হ্যাপি প্যাটেল’-এর এই প্রমো আমির–সুনীল মুখোমুখি লড়াইকে পরিণত করেছে একেবারে হাসির বিস্ফোরণে।

Exit mobile version