দৈনিক নবদিগন্ত

প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০

Screenshot 20260110 231054 Facebook

প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০

ডেস্ক রিপোর্ট :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটকদের মধ্যে দুইজনের বাড়ি মাদারীপুর জেলায়, একজনের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এবং বাকি ৭ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলায়। আটকদের মধ্যে মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘পরীক্ষা শুরুর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রস্তুতির সময় ১০ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইস পাওয়া গেছে। তবে পরীক্ষার কেন্দ্রে দেয়া প্রশ্নপত্রের সঙ্গে আটকদের কাছে পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না, তা এখনও মিলিয়ে দেখা হয়নি।’

উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টায় কুড়িগ্রামের নাগেশ্বরী, সদর ও উলিপুর উপজেলার ৩৮টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

Exit mobile version