দৈনিক নবদিগন্ত

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারাদেশে একহাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।

এ সময় যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে— তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দেন উপদেষ্টা।/

নবীন আনসার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশাকে হৃদয়ে ধারণ করুন। জনগণের কাছে জবাবদিহি করবেন, আইনের শাসন রক্ষা করবেন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকবেন এবং নতুন বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চভাবে নিয়োজিত করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Exit mobile version