দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টিবলয়। আগামী ২৪ ঘণ্টায় এর প্রভাব সবচেয়ে বেশি থাকতে পারে। এর ফলে রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বজ্রবৃষ্টির পাশাপাশি অনেক এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ও সন্ধ্যায় একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ সতর্কবার্তা দেয় সংস্থাটি।
বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয় ১০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ইতোমধ্যে দেশের বহু স্থানে এর প্রভাবে বজ্রবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে দেশের ৮ বিভাগেই আবারও ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হতে পারে।
সংস্থাটি আরও জানায়, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট বজ্রমেঘ সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে বড় ধরনের কালবৈশাখীতে রূপ নিতে পারে। পরে রাতের দিকে তা বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে ঢুকে পড়তে পারে। ফলে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় রাতে নৌপথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীপথে চলাচলকারী যানগুলোকে সতর্ক থেকে নিরাপদে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে অন্তত দুই দিন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একইসব বিভাগে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থানে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা ও বেশিরভাগ সময় শুষ্ক থাকতে পারে।
রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
