দেশের বিভিন্ন স্থানে টানা দুই দিনের বৈরী আবহাওয়ার পর আজও আট বিভাগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
যশোর ও কুষ্টিয়াসহ খুলনা বিভাগের কিছু এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে গরম কিছুটা কমেছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৭টার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন।

