ভাইরাল কনটেন্ট তৈরির উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছেন কলম্বিয়ার ৩০ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর অ্যাঞ্জেল মন্টোয়া। ঘটনার তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মার্কিন সাময়িকী পিপল ম্যাগাজিন স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে, গত ২৭ জানুয়ারি দক্ষিণ আমেরিকার কাউকা নদীর ওপর অবস্থিত একটি সড়ক সেতু থেকে মন্টোয়া লাফ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝাঁপ দেওয়ার আগে তিনি ক্যামেরার দিকে তাকিয়ে স্প্যানিশ ভাষায় বলেন, “পরে দেখা হবে।” নদীতে পড়ার পর সাঁতার কাটার চেষ্টা করার আগেই প্রবল স্রোতে ভেসে যান তিনি।
ঘটনার পরপরই স্থানীয় দমকল বাহিনী ও প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক ভারী বর্ষণের কারণে নদীর পানির স্তর ও স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। তিন দিন পর সেতু থেকে কয়েক মাইল দূরে শ্রমিকরা পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে উদ্ধারকারী দল গিয়ে মরদেহটি শনাক্ত ও উদ্ধার করে।
ভ্যালে অঞ্চলের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের নিরাপত্তা কর্মকর্তা ফ্রান্সিসকো টেনোরিও এ ঘটনায় স্থানীয়দের সতর্ক করেছেন। তিনি বলেন, ভ্যালে দেল ককার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা উচিত। বর্ষাকালে প্রায় ২৫টি পৌরসভা আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টির কারণে ঝুঁকিতে রয়েছে। জীবন সবচেয়ে মূল্যবান—কোনোভাবেই তা বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়।
