দৈনিক নবদিগন্ত

গাজীপুরে শাশুড়ি হত্যার পর ডাকাতির নাটক, গ্রেপ্তার ৩

গাজীপুরে শাশুড়ি হত্যার পর ডাকাতির নাটক, গ্রেপ্তার ৩

গাজীপুরে শাশুড়িকে হত্যা করে ডাকাতির ঘটনা সাজানোর অভিযোগে এক পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে এটি ডাকাতি নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানায়, নিহত আসমা আক্তার (৫৫) ঘুমিয়ে থাকার সময় তার পুত্রবধূ আরিফা আক্তার এবং সহযোগীরা ঘরে প্রবেশ করে। তারা আলমারিতে থাকা টাকা ও স্বর্ণালংকার নেওয়ার সময় আসমা আক্তার বিষয়টি টের পেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পর এটিকে ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তবে সন্দেহের ভিত্তিতে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেন।

পরে অভিযান চালিয়ে অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকারও উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অর্থ লুটের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Exit mobile version