হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সোনা ও বিদেশি মুদ্রাসহ এক হজ কাফেলার মোয়াল্লেমকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আগমনী ক্যানোপি এলাকার খোলা পার্কিং জোন থেকে মফিদুল ইসলাম (৪৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনা ও মুদ্রার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, তার কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম সোনা এবং বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি রিয়াল, মিসরীয় পাউন্ড, রোমানিয়ান লিউ এবং বাংলাদেশি টাকা।
জানা গেছে, তিনি সৌদি আরব থেকে একটি ফ্লাইটে দেশে ফেরেন এবং বিমানবন্দরের বাইরে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালানো হয়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন দেশের যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব সোনা দেশে আনা হতো। দীর্ঘদিন ধরে একটি চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি এসব কার্যক্রমে সহযোগিতা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।
