দৈনিক নবদিগন্ত

কুরিয়ারে ইয়াবা পাচার, কেরানীগঞ্জে ১২ হাজার ট্যাবলেট জব্দ

কুরিয়ারে ইয়াবা পাচার, কেরানীগঞ্জে ১২ হাজার ট্যাবলেট জব্দ

ঢাকার কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জের ‘জননী এক্সপ্রেস’ পার্সেল সার্ভিসের একটি শাখার মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঢাকা জেলা কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক পার্সেল জব্দ করা হয় এবং তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ মাদকচক্র কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের পাচার চালাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। সাম্প্রতিক সময়ে এমন প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএনসির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

মাদকবিরোধী কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ডিএনসি জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।

Exit mobile version