দৈনিক নবদিগন্ত

রাহুলের মৃত্যুর পর থানায় এফআইআর দায়ের, পাশে প্রিয়াঙ্কা ও প্রসেনজিৎ

রাহুলের মৃত্যুর পর থানায় এফআইআর দায়ের, পাশে প্রিয়াঙ্কা ও প্রসেনজিৎ

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১১টায় তালসারি থানায় গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এফআইআর দায়ের করেন। তার সঙ্গে ছিলেন টালিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

এর আগে সকালে কলকাতার রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনে টালিউড শিল্পী সংগঠন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ধারাবাহিকের শুটিং চলাকালীন অবহেলা ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কাজ পরিচালনার কারণে রাহুলের মৃত্যু ঘটে। পাশাপাশি, শুটিং সেটে জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করার পাশাপাশি ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে।

রাহুল ২৯ মার্চ ওড়িশার তালসারি বিচ এলাকায় শুটিং করতে গিয়েছিলেন। প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে, পানিতে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি পানিতে পড়লেন বা কীভাবে এই ঘটনা ঘটল—এখনও স্পষ্ট নয়।

এই ঘটনার পর রাহুলের পরিবার ও সহকর্মীরা পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছেন। তদন্তের মাধ্যমে সামনে আসবে, শুটিং সেটে কীভাবে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা এবং কার অবহেলায় একজন জনপ্রিয় অভিনেতাকে হারাতে হলো।

Exit mobile version